বীরভোগ্যা বসুন্ধরা
জামাল ভড়
সামনের দিকে দ্যাখো
ওঁরা তো দৌড়ে অনেক এগিয়ে
জন্মেই জুটেছিল মুখে সোনার চামচ ;
তোমাদের কথা ওঁদের ভাবায়
তাই উড়ে উড়ে বেড়ান
দ্যাখো না গরম পড়লেই
এদেশ থেকে ওদেশ
যেন বসুধৈব কুটুম্বকম্ ।
ডানদিকে তাকাও
এঁরা দক্ষিণমুখী
ডান-বরাবরই হাঁটেন
জনতাকে মেল-বন্ধন করে
রাজধানীতে যান
নব শতাব্দীর উদ্বোধন করেন
লাল বিপ্লবী জুজুর ভয়ে
সবুজ বিপ্লবের প্রতিশ্রুতি দেন ।
এবার বামদিকে দ্যাখো
বামদেববাবুরা কেমন আছেন
ডানমুখী জনতাকে কেমন ডাং-ধারী করে
দাবিদাওয়া আদায়ে সোচ্চার করে তুলেছেন
আর এদের দুঃখে ব্যথিত বলেই
মাটির দাওয়া ছেড়ে নিরালায় বসে কাঁদেন
আর বঙ্কিমবাবুর রামা কৈবর্ত ও হাসিম সেখেরা
যে তিমির সেই তিমিরেই ।
No comments:
Post a Comment