খোঁজ করুন

Thursday, December 23, 2010

মশা মারতে কামান দাগা


                জামাল ভড়
মশাটাকে মারতেই হবে
একটু যে ঘুমাবো তার জো নেই
সব সময় কানের পাশে সাইরেন ।
আলোটা জ্বালালাম
মশারীটা তন্নতন্ন করে খুঁজলাম ;
ভাবলাম - ব্যাটা বোধ হয় মরেছে
এলোপাথাড়ি চড়চাপাটিতে ।
স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার গেলাম ঘুমাতে ;
সবে লেগেছে তন্দ্রা
আবার শুনি পোঁ -- এবার আরও তীক্ষ্ণ ।
মেজাজ গেল খিঁচিয়ে
সব কটা বাতি দিলাম জ্বেলে
খানাতল্লাসি শুরু হয়ে গেল --
যেমন খুশি তেমনই চালালাম চড়চাপ্পড়
আপদ বিদায় ভেবে পড়লাম শুয়ে ;
অনেক কষ্টে সবে লেগেছে চোখ
আর ঠিক তখনই ঠিক চোখের পাতায়
বিনা সাইরেনে বেঁধালো শূল কিংবা ত্রিশূল ।
দাঁতে দাঁত চেপে উঠে পড়লাম বেগে
বিছানাশুদ্ধ মশারীটা দিলাম জ্বালিয়ে
ব্যাটা পুড়ে মরুক জন হাসের মতো ।

No comments:

Post a Comment